মধ্যমগ্রামে প্রোমোটার খুন
দি নিউজ লায়নঃ মঙ্গলবার সকালে শুট আউটের ঘটনা ঘটল মধ্যমগ্রামের পঞ্চায়েত এলাকায়। কয়েক জন দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে খুন করে এক প্রোমোটারকে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অশোক সর্দার(৫০)। তার বাড়ি রাজারহাটের নারায়ণপুর থানার বেড়াবেড়ি ঘোষপাড়ায়। খুনের ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানা এলাকার চৌঘরিয়া মাঠপাড়ায়।অশোক স্থানীয় একটি বেসরকারি সংস্থার প্রজেক্টের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।নিজেও জমি কেনাবেচা সহ প্রমোটিংয়ের ব্যাবসা করতেন।প্রোজেক্টের জমিতে কাজ করার সময় খুন হন অশোক।
জমিজমা সংক্রান্ত বিবাদের জেরেই শুট আউটের ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, মধ্যমগ্রামের এক বেসরকারি কোম্পানির প্রোজেক্টের জমির কেয়ারটেকার খুন হয়েছেন। শুট আউটের জড়িতদের খোজে তল্লাশি শুরু করেছে পুলিশ।জমিজমা সংক্রান্ত বিষয় না খুনের পিছনে অন্য কোন কারন আছে,তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে বিজেপির দাবি নিহত ব্যক্তি তাদের সমর্থক হওয়ায় তৃণমূল খুন করেছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ বলেন, 'যে কোনও মৃত্যু দুঃখজনক। জমিজমা কেনাবেচা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ থেকেই দুষ্কৃতীরা অশোক সরদারকে খুন করেছে। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।তিনি বলেন পারিবারিক বিবাদ থেকে প্রোমোটিং নিয়ে অশান্তির জেরে খুন সবেতেই ইচ্ছে করে তৃণমূলকে জড়িয়ে দেওয়ার সুকৌশল চেষ্টা করছে বিজেপি।"

Post a Comment